
দীঘা, ১৫ জুলাই : দীর্ঘ ১৫ দিনের অনবসর পর্ব বা স্নানপর্ব শেষে বুধবার পুনরায় খুলে দেওয়া হল দীঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের দ্বার। স্নানযাত্রার পর থেকে প্রথা অনুযায়ী বিগত ১৫ দিন ভক্তদের জন্য প্রভুর দর্শনে নিষেধাজ্ঞা ছিল। এদিন ভোর ৬টায় মন্দিরের দরজা খোলার পর থেকেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নবযৌবন রূপ দর্শনের জন্য হাজার হাজার ভক্তের ঢল নেমেছে দীঘায়।
বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষ্যে দীঘার জগন্নাথ মন্দিরে এখন মহাপ্রস্তুতি চলছে। ইতিমধ্যেই সমুদ্রনগরীতে পুণ্যার্থীদের ঢল নামতে শুরু করেছে। রথযাত্রার দিন লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে অনুমান করছে মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। ভক্তদের সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবের তিনটি রথ সাজানোর কাজও শেষপর্যায়ে।
দীঘার জগন্নাথ মন্দির ট্রাস্ট ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানিয়েছেন, "অনবসরের ১৫ দিন শেষে জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার পুনরায় দর্শন লাভ ভক্তদের কাছে এক পরম আনন্দ ও আবেগের মুহূর্ত। দীঘার এই ঐতিহাসিক রথযাত্রায় অংশগ্রহণের জন্য আমরা সকল ভক্তকে আন্তরিক আহ্বান জানাচ্ছি।"
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারের দীঘার রথযাত্রায় বিশেষ রদবদল লক্ষ্য করা যাচ্ছে। গত বছর দীঘার মন্দিরের প্রথম রথযাত্রার সূচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, দীঘার রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতা তথা কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তিনিই এবার রথের রশিতে প্রথম টান দেবেন। ইতিমধ্যেই মন্দির কমিটির পক্ষ থেকে উৎসবের সম্পূর্ণ সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রথযাত্রা উৎসবের সূচনা হবে। গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে তিনটি রথে আসীন করানো হবে। দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত তিনটি রথ সাজানো হবে এবং রথে অধিষ্ঠিত অবস্থায় বিগ্রহদের বিশেষ ভোগ নিবেদন করা হবে। এরপর দুপুর ৩টে থেকে সাড়ে ৩টে পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকেল সাড়ে ৩টেয় রথের রশিতে টান দেবেন শিশির অধিকারী। বিকেল সাড়ে ৪টের মধ্যে রথ মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পৌঁছাবে।
