West Bengal

2 years ago

Jhargram meeting: মাতৃভাষার গুরুত্ব নিয়ে ঝাড়গ্রামের সভাতেও সরব মুখ্যমন্ত্রী

The chief minister attended the Jhargram meeting
The chief minister attended the Jhargram meeting

 

ঝাড়গ্রাম, ৯ আগস্ট: স্কুল শিক্ষায় তিন ভাষার ফর্মুলার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন এই তিনটি ভাষার মধ্যে প্রথমে থাকবে মাতৃভাষা। অন্য দুটি ভাষা যার যেরকম পছন্দ নিতে পারে। কিন্তু প্রথম ভাষা হতে হবে নিজের অর্থাৎ মাতৃভাষা। ঝাড়গ্রামের সভা থেকে ঘোষণা করলেন মমতা।

এদিন ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী বলেন, "কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছে। মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে তিনটি ভাষার সূত্র। যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের প্রথম ভাষা বাংলা। আর দুটো তারা যে কোনও ভাষা নিতে পারে। যারা অষ্টম শ্রেণি পর্যন্ত অলচিকি মাধ্যমে পড়ে অলচিকি তাদের প্রথম ভাষা।

মুখ্যমন্ত্রী বলেন, পরে আরও দুটো ভাষা নেওয়ার সুযোগ থাকবে। তেমন ভাবে যার প্রথম ভাষা রাজবংশী, নেপালি, তারাও একইভাবে পড়তে পারবে। বাংলায় আমরা বাস করি। তার মানে এটা নয় যে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু মনে রাখতে হবে 'তিন ভাষার সূত্রতে মাতৃভাষা থাকবে এক নম্বরে। বাকি দুটো বিষয় ছাত্ররা বেছে নেবে।''

জাতীয় শিক্ষানীতির কোন অংশ গ্রহণ করা হবে, কোন অংশ গ্রহণ করা হবে না, সেবিষয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ঠিক হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আগের মতোই হবে। উচ্চপ্রাথমিকে ৩ ভাষা নীতি নেওয়া হবে। অষ্টম শ্রেণি থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে এমসিকিউ চালু হবে। ইউজিসি-র পাশাপাশি স্টেট রিসার্চ ফান্ড তৈরি করা হবে।


You might also like!