
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বীরভূমে এক ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া টাকার পরিমাণ নির্ধারণ করতে ঘটনাস্থলে আনা হয়েছে নোট গোনার মেশিন এবং প্রয়োজনীয় সরঞ্জাম। যদিও গোটা অভিযান নিয়ে এখনও বিস্তারিত কিছু জানাতে নারাজ পুলিশ-প্রশাসন। ঘটনাস্থলে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত রয়েছেন এবং তল্লাশি অব্যাহত রয়েছে। জানা গিয়েছে, জেলার পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মনির মণ্ডলের বাড়িতেই এই অভিযান চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেও সরকারি বাসচালক হিসেবে কাজ করতেন মনির মণ্ডল। সেই চাকরি ছেড়ে তিনি টুলুর ব্যবসায় যোগ দেন। ‘বেআইনি’ পাথর ও অন্যান্য ব্যবসায় টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতে থাকেন এই মনির। মহম্মদবাজার থানা এলাকার ডেউচা বাস স্ট্যান্ডের পাশেই কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যায় প্রাসাদসম বাড়ি! জীবনযাত্রাও বদলে যায়! আজ, বুধবার ভোররাতে ওই বাড়িতেই হানা দেয় পুলিশ। গোটা বাড়ি ও এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। বাড়ির ভিতরে ঢুকে শুরু হল পুলিশি তল্লাশি। আলমারি থেকে থরে থরে টাকা উদ্ধার হয়েছে বলে প্রাথমিক খবর। নোটের পাহাড়ে কত পরিমাণ টাকা আছে? সেই নিয়ে চর্চা শুরু হয়। সকালে টাকা গোনার পাঁচটি মেশিন, ২টো প্রিন্টার বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়। এছাড়াও নিয়ে যাওয়া হয়েছে বিশাল আকারের দুটি ট্রাঙ্ক। ওই বাড়ি থেকে প্রায় ২০ কোটির বেশি নগদ টাকা ও ১০ কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে! প্রাথমিকভাবে কানাঘুষো এমনই শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস আমলে বীরভূম জেলায় বেআইনি পাথর, বালি পাচারের ক্ষেত্রে বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন টুলু মণ্ডল! একাধিক অভিযোগ থাকলেও সেসময় শাসক দলের হাত সঙ্গে থাকায় তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপই করত না বলে অভিযোগ। দৈনিক লক্ষ লক্ষ টাকা বেআইনি পাথর ব্যবসা থেকে রোজগার হত বলে খবর! রাজ্যে পালাবদলে পুলিশ পাচার রুখতে কড়া ভূমিকা নিয়েছে। বিজেপি সরকারের আমলে টুলুর ব্যবসা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এর আগেও টুলুর একাধিক আস্তানায় হানা দিয়েছে পুলিশ ও তদন্তকারী সংস্থারা। উদ্ধার হয়েছে নগদ অর্থ ও বহু নথি। এই টাকাও কি টুলুর? সেই প্রশ্ন উঠেছে।
