
কলকাতা, ১৮ আগস্ট : দক্ষিণবঙ্গের ৬টি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল - পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলির এক-দু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে, বৃষ্টি দাপট অবশ্য ইতিমধ্যেই অনেকটাই কমেছে। মৎস্যজীবীদের জন্য আগামী ২৪ ঘণ্টাও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি জেলার এক-দু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম।
