
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:তারাতলার ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা রাজ্যে। এখনও পর্যন্ত এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন, আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি।
সমাজমাধ্যমে নরেন্দ্র মোদি লিখছেন, ‘কলকাতায় যে দুর্ঘটনা ঘটেছে তা দুঃখজনক। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’ শুধু তাই নয়, ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে সবরকম সাহায্য পান, তা নিশ্চিত করতে রাজ্য সরকার দিন-রাত কাজ করছে বলেও সমাজমাধ্যমে উল্লেখ প্রধানমন্ত্রীর। শুধু কেন্দ্রের তরফেই নয়, এদিন মৃতদের পরিবারকে রাজ্যের তরফে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শুধু তাই নয়, আহতদের একলক্ষ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।
ঘটনার প্রায় ২৪ ঘন্টা কাটতে চলেছে। এখনও চারপাশজুড়ে ধ্বংসের ছবি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় লোহার বিম। সিমেন্টের চাঙড়। কেন্দ্র এবং রাজ্যের উদ্ধারকারী দল কাঁধেকাধ মিলিয়ে গোটা পরিস্থিতি সামাল দিচ্ছেন। ভেঙে পড়া বড় বড় চাঙর, লোহার বিম সরিয়ে দেখা হচ্ছে আরও কেউ ভিতরে আটকে রয়েছেন কি না। এদিন সকালেই ধ্বংসস্তুপে আটকে থাকা তিনজনকে উদ্ধার করা হয়েছে। এই পরিস্থিতিতে অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করছে সেনাবাহিনী। এদিকে গোটা রাত ঘটনাস্থলে থেকে পরিস্থিতি মনিটরিং করেছেন মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল খাঁ। এছাড়াও ছিলেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও।
