
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার পথে নামল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত মিছিলে পা মেলান বিরোধী শিবিরের একাধিক সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মিছিল শেষে ইতিমধ্যেই ধরনায় বসেছেন বিরোধী সাংসদরা। তাঁদের মূল দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ। তবে এ দিনের কর্মসূচিতে বিরোধী জোটের সব শরিককে দেখা যায়নি। মিছিল থেকে দূরে ছিল ডিএমকে এবং আম আদমি পার্টি। অন্যদিকে জোটের বৈঠকে উপস্থিত না থাকলেও মিছিলে যোগ দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ফলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের এই কর্মসূচিতে শরিকদের উপস্থিতি-অনুপস্থিতি নিয়েও রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে প্রতিবাদ হচ্ছে জ্ঞানেশের পদত্যাগ দাবি করে। মুম্বইয়ে ককরোচ জনতা পার্টির তরফ থেকে বিরাট প্রতিবাদ কর্মসূচি হয়েছে। দলীয় পতাকা ছেড়ে আমজনতার মিছিলে একসঙ্গে পা মিলিয়েছেন উদ্ধব এবং রাজ ঠাকরে। এবার পথে নামল দেশের বিরোধী দলগুলি। মঙ্গলবারের কর্মসূচি ছিল কংগ্রেসের নেতৃত্বেই। রাহুল ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশের মতো নেতারা ছিলেন এদিনের মিছিলে। সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করার কথা ছিল। তবে কমিশনের ভবন থেকে ২০০ মিটার দূরে আটকে দেওয়া হয় মিছিল। ব্যারিকেডে উঠে পড়েন সমাজবাদী পার্টির সাংসদরা। কমিশন পর্যন্ত পৌঁছতে না পেরে রাহুলরা ধরনায় বসে পড়েন নীতি আয়োগের সামনে। একঝাঁক সাংসদ ধরনা শুরু করেছেন। বেশ কয়েকজনকে দেখা গিয়েছে ব্যারিকেডের উপরে বসে থাকতে। একটা সময় পরে ব্যারিকেডে চড়ে বসেন রাহুল নিজেও। এদিন ধরনায় অভিষেক ছাড়াও ছিলেন রাজ্যসভার দুই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং রাজীব কুমার। বিরাট নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। পুলিশের পাশাপাশি আধাসেনাও নামানো হবে।
এদিন মিছিল চলাকালীন ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান তোলেন বিরোধী সাংসদরা। সেই দেখে অনেকেই মনে করিয়ে দিয়েছেন অভিষেকের এক পুরনো বক্তব্য। রাহুল গান্ধী তখন ভোট চুরির অভিযোগে সরব। কিন্তু অভিষেক খানিক দায়সারাভাবেই বলেছিলেন, এমন চুরি হয়ে থাকলে প্রমাণ হওয়া উচিত। কিন্তু সেই অভিষেকই আজ বললেন, বাংলা-সহ নানা রাজ্যে ভোট চুরি হয়েছে। এসআইআর করে ভোটাধিকার কাড়া হয়েছে। অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা সময় কংগ্রেসকে কটাক্ষ করেছিল এখন তারাই কংগ্রেসের হাত ধরছে।
Gyanesh, it’s done, bro. Time to resign. #IndiaAllianceMarch https://t.co/9ZB6aJfakl
— Rahul Gandhi (@RahulGandhi) October 6, 2026
