
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আরজি কর মামলার তদন্তে নতুন করে তৎপরতার পর প্রথম গ্রেপ্তার। পুলিশের জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজি কর কাণ্ডের পর নিহত তরুণীর দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরিবারের সম্মতি ও প্রয়োজনীয় সই ছাড়াই দেহ সৎকারের অভিযোগও সামনে এসেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা গিয়েছে। সম্প্রতি এই অভিযোগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গিয়েছিল নির্মল ঘোষের নাম। তার পরেই এবার প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারিতে আরজি কর মামলায় নতুন মোড়।
৯ আগস্ট আরজি কর কাণ্ডে নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, দ্রুত অভয়ার দেহ সৎকার করে প্রমাণ লোপাট করা হয়েছিল। পরিবারের থেকে ক্রিমেশনের খরচও নেওয়া হয়নি। পরিবারের সদস্যদের সই ছাড়াই সৎকার করা হয় দেহ। এই ঘটনায় শুভেন্দুর নিশানায় ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। গত সোমবার খড়দা থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। সেই মামলাতেই তড়িঘড়ি পদক্ষেপ করল পুলিশ। আজ, বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বৃহস্পতিবার রাতে বা আগামিকাল সকালে রাজ্যে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।গত ১৩ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। আর জি কর কাণ্ডের পাশাপাশি লটারিকাণ্ডেও অভিযুক্ত নির্মল ঘোষ। তাঁর গ্রেপ্তারি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, আর জি কাণ্ডে কোনও দোষীকে ছাড়া হবে না।
