
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দলীয় অন্দরে চলা বিতর্কের মাঝেই বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে কড়া ভাষায় আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সামাজিক মাধ্যমে তিনি ইউসুফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তীব্র সমালোচনা করেন। পাশাপাশি দলবিরোধী অবস্থান নিয়েছেন বলে অভিযোগ তুলে অন্য কয়েকজন ‘বিদ্রোহী’ সাংসদকেও নিশানা করেছেন মহুয়া। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর থেকেই তৃণমূলকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। সূত্রের দাবি, দলের একাধিক সাংসদ নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেছেন এবং বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তৎপরতা বেড়েছে।সেই তালিকায় রয়েছেন কাকলি ঘোষদস্তিদার (বারাসত), প্রসূন বন্দ্যোপাধ্যায় (হাওড়া), শতাব্দী রায় (বীরভূম), অসিত মাল (বোলপুর), বাপি হালদার (মথুরাপুর), জুন মালিয়া (মেদিনীপুর), জগদীশ বাসুনিয়া (কোচবিহার), কালীপদ সোরেন (ঝাড়গ্রাম), অরূপ চক্রবর্তী (বাঁকুড়া), পার্থ ভৌমিক (বারাকপুর), শর্মিলা সরকার (বর্ধমান পূর্ব), ইউসুফ পাঠান (বহরমপুর), দেব (ঘাটাল), আবু তাহের (মুর্শিদাবাদ) এবং খলিলুর রহমান (জঙ্গিপুর), রচনা বন্দ্যোপাধ্যায় (হুগলি)। রয়েছেন আরও বেশ কয়েকজন সাংসদ।
এই সাংসদদের তুলোধোনা করে এক্স হ্যান্ডেলে আক্রমণ শানিয়েছেন মহুয়া। লিখেছেন, ‘এই সাংসদরা তৃণমূলের টিকিটে জিতেছিলেন। এনডিএ’র পক্ষে জনাদেশ ছিল না। স্বার্থপর লোভী সাংসদরা এখন বিজেপিতে যোগ দিন এবং সাংসদ পদ থেকে ইস্তফা দিন। তারপর বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করুন। দেখি আপনারা কেমন সাফল্য পান।’ এই পোস্টে অবশ্য নির্দিষ্ট কোনও সাংসদের নাম উল্লেখ করেননি। কিন্তু ইউসুফকে নিশানা করে আলাদা পোস্ট করেছেন মহুয়া। জোড়া বিশ্বকাপজয়ী তারকাকে মহুয়ার তোপ, ‘অমিত শাহ আপনাকে ডেকেছেন বলেই আপনি দিল্লিতে চলে গেলেন? আপনার তো সাহস থাকা উচিত। ভারতের হয়ে খেলেছেন। আমাদের জেলা আপনাকে বিরাট ব্যবধানে জিতিয়েছে। তাই কিছুটা মেরুদণ্ড থাকা উচিত আপনার, লজ্জাও হওয়া উচিত।’
উল্লেখ্য, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন ইউসুফ। খানিকটা চমকপ্রদভাবে ২০২৪ লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয় তৃণমূল। অধীর চৌধুরীকে তাঁর গড় বহরমপুরে হারিয়ে দেন ইউসুফ। সাংসদ হওয়ার বছরদুয়েকের মধ্যেই তিনি নাম লিখিয়েছেন ‘বিদ্রোহী’ তৃণমূলে।
And @iamyusufpathan you are rushing to Delhi because @AmitShah has called you? Have some courage. You played for India. Our district voted you in with a huge margin. Have some shame & some spine.
— Mahua Moitra (@MahuaMoitra) June 8, 2026
