
তারাপীঠ, ১৮ আগস্ট : বীরভূমের তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে এ বার গ্রেফতার করা হল অভিশপ্ত হোটেলের মালিকের বাবাকেও। ধৃতের নাম - প্রবীর পাল। সোমবার মধ্যরাতে তারাপীঠ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তাঁর ছেলে তথা হোটেলের মালিক কল্যাণ পালকে আগেই গ্রেফতার করা হয়। বাবা ও ছেলে মিলেই চালাতেন তারাপীঠের ওই হোটেলটি, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে পাঁচ জনই মেঘালয়ের বাসিন্দা। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল কি না, সব রকম নিয়ম মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আবাসিকদের অনেকের অভিযোগ, পিছনের দিকের একটি দরজা বন্ধ ছিল। তাই তাঁরা বেরোতে পারছিলেন না। সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
