দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী হলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা সাংসদ ড. সুকান্ত মজুমদার। সোমবার এ বিষয়ে তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। দ্রুত পরিষেবা চালুর বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি, বিমান পরিষেবা চালু, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ-সহ একাধিক দাবি উঠে এসেছিল বারবার। বিধানসভা নির্বাচনের আগে জেলার এসব উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ সুকান্ত মজুমদার। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ স্থাপনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। তাঁএবার জেলার আরেক গুরুত্বপূর্ণ দাবি বিমান পরিষেবা চালুর ক্ষেত্রেও কেন্দ্রের দরবারে সরব হলেন তিনি। সরাসরি নয়াদিল্লি গিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ড. সুকান্ত মজুমদার। বৈঠকে বালুরঘাট বিমানবন্দর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিমান পরিষেবা চালুর বিষয়টি বিশেষভাবে উত্থাপন করেন তিনি। পরে সাংসদ জানান, “এ দিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সামনে বালুরঘাট বিমানবন্দরকে কার্যকরী করার জন্য যাবতীয় বিষয় তুলে ধরি। মুখ্যমন্ত্রীর থেকে এনিয়ে সমস্ত সহযোগিতার আশ্বাস পেয়েছি। এতদিন বালুরঘাট বিমানবন্দর রাজ্য সরকারের হাতে ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে এই বিমানবন্দর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হবে।” কী ভাবে এখান থেকে বিমান চালানো যায়, তা দেখছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালুর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।
বালুরঘাটের মাহিনগর এলাকায় অবস্থিত বিমানবন্দরটি প্রায় ৫০ একর জমির ওপর বিস্তৃত। আশির দশকের পর থেকে এই বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ২০১৬ সালের প্রথমদিকে পূর্ত দপ্তরের উদ্যোগে বিমানবন্দর সংস্কারের কাজ শুরু হলেও তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি বলে জানা যায়। এখন ফের বালুরঘাটে বিমান পরিষেবা চালুর সম্ভাবনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
