
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভয়া কাণ্ডের তদন্তে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আর জি কর হাসপাতালের খুন ও ধর্ষণ মামলার তদন্তের স্বার্থে কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। সত্য উদঘাটনে সরকার বদ্ধপরিকর বলেও জানান মুখ্যমন্ত্রী।
আর জি কর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে বিশ্বজুড়ে তোলপাড় পড়ে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তিলোত্তমার মাকে টাকা দেওয়ারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে (যদিও অভয়ার মা সেই টাকা নেননি)। পুলিশের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগও তুলেছিলেন নির্যাতিতার মা। তাঁদের মেয়েকে দীর্ঘক্ষণ দেখতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ছিল তাঁদের। এবার নির্যাতিতার পরিবারকে ভুল পথে চালিত করা ও অভয়ার মাকে টাকা অফার করা ও এক ডিসির সেই সময় ভাবভঙ্গি নিয়ে তদন্ত শুরু করছে রাজ্য সরকার। কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল (বর্তমানে এডিজি আইবি), তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (বর্তমানে সিআইডি-র স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট) এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তার (ইএফআর ২য় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার) বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে।
সেই সময় এই অফিসারদের কোনও মন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও নির্দেশ দিয়েছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি বলেন, ” দুই অফিসার অভয়ার মাকে টাকা দিতে গিয়েছিলেন। হোয়াটস্যাপ চ্যাট ও কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনও নির্দেশ দিয়েছিলেন কি না, খতিয়ে দেখা হবে। আর জি কর কাণ্ডের সময় এক ডিসি সংবাদমাধ্যমের সামনে এমন ভাবভঙ্গি দেখিয়েছেন তাতে বাংলার অপমান হয়েছে। তিনি পুলিশের কোনও মুখপাত্র ছিলেন না। তাঁকে লিখিত নির্দেশ দেওয়া হয়নি। নিয়ম মেনে বিভাগীয় তদন্ত হবে।”
তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন সিবিআই খুন ও ধর্ষণের যে তদন্ত করছে সেই মামলায় রাজ্য সরকার কোনও হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, “ধর্ষণ বা খুনের ঘটনায় সিবিআই তদন্তে আমরা ঢুকব না। কিন্তু সেই সময় পুলিশের ব্যবহার, টাকা দেওয়ার চেষ্টার তদন্ত হবে। নিরপেক্ষ তদন্তের জন্য তিন অফিসারকে সাসপেন্ড করা হল। তবে অফিসারদের কথাও শোনা হবে।”
উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপি বারবার বলেছিল তারা ক্ষমতায় আসলে আর জি কর কাণ্ডের ফাইল ফের খোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা এই নিয়ে সুরও চড়িয়েছিলেন। এবার ফের খোলা হল অভয়ার ফাইল। সাসপেন্ড হলেন তিন আইপিএস অফিসার।
