
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতায় ফের অনিশ্চয়তার মুখে রাজ্যের শিক্ষক নিয়োগ। একাদশ-দ্বাদশে সুপারিশপত্র পাওয়া প্রার্থীদের নিয়োগের পাশাপাশি নবম-দশমে তথ্য যাচাই হয়ে যাওয়া প্রায় ১৫ হাজার হবু শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াও থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা জানান, ওবিসি সংরক্ষণে ৭ শতাংশ নাকি ১৭ শতাংশ নীতি কার্যকর হবে, তা নিয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী ১৪ আগস্ট থেকে একাদশ-দ্বাদশের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত হতে পারে। শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। ফলে ৩১ আগস্টের মধ্যে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে এসএসসি।
অন্য দিকে, পুজোর আগেই গ্রুপ সি ও ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, স্বচ্ছতা বজায়ে স্বামী আত্মপ্রিয়ানন্দ, স্বামী তত্ত্বসারানন্দ, স্বামী স্বাস্ত্রজ্ঞানন্দ ও রময়া তারাকাদ ভেঙ্কটেশ্বরনকে নতুন সদস্য হিসাবে কমিশনে যুক্ত করা হচ্ছে। স্বামী আত্মপ্রিয়ানন্দ জানান, স্বচ্ছতার স্বার্থে এখন থেকে এসএসসি সংক্রান্ত যাবতীয় আপডেট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে বাতিল হয় প্রায় ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। এই শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন এসএসসির তরফে জানিয়ে দেওয়া হয়, ওবিসি জটেই মূলত এই তারিখের মধ্যে শেষ করা যাচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। এর জন্য শীর্ষ আদালতে সময় চাইবে এসএসসি। কতদিন সময় চাওয়া হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে।
