West Bengal

1 hour ago

Shankar Ghosh : অ্যাকাউন্টে ৩ হাজার টাকা, বাড়ির দরজায় ‘গর্বিত প্রাপক’! অন্নপূর্ণা নিয়ে শংকরের নতুন উদ্যোগ

Minister Shankar Ghosh affixed stickers to the homes of Annapurna scheme beneficiaries in Siliguri
Minister Shankar Ghosh affixed stickers to the homes of Annapurna scheme beneficiaries in Siliguri

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে অসন্তোষের ছবি সামনে এসেছে। অনেক যোগ্য প্রাপক এখনও টাকা না পাওয়ায় বিভিন্ন এলাকায় ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে যোগ্যদের আশ্বস্ত করে বারবার ধৈর্য ধরার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। এরই মধ্যে শিলিগুড়িতে অন্নপূর্ণা যোজনার টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পৌঁছেছে কি না, তা যাচাই করতে বাড়ি বাড়ি গেলেন বিধায়ক শংকর ঘোষ। বিভিন্ন বুথের প্রতিটি বাড়িতে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। সরাসরি জানতে চান, “অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন তো?” টাকা পাওয়ার কথা জানালে তাঁদের বাড়িতে ‘গর্বিত প্রাপক’ স্টিকার লাগিয়ে দেন তিনি।

শিলিগুড়িতে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানোর কাজ শুরু করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ও বিধায়ক শংকর ঘোষ। যোগ্য কোনও আবেদনকারী যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই উদ্যোগ বলে জানান তিনি। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন, জিজ্ঞাসা করেন অন্নপূর্ণার টাকা পেয়েছেন কি না, যাঁরা ‘হ্যাঁ’ বলছেন, তাঁদের বাড়িতে ‘অন্নপূর্ণা যোজনা গর্বিত প্রাপক’ স্টিকার সাঁটিয়ে দেন মন্ত্রী। আর যাঁরা টাকা পাননি বলে জানিয়েছেন, তাঁদের বিধায়ক কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শও দেন শংকর। 

এদিন শংকর ঘোষ জানান, “শিলিগুড়ি শহরে বর্তমানে প্রায় ৩২ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। তবে এখনও প্রায় সাড়ে ৩ হাজার আবেদনকারীর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। আবেদন করেও যারা এখনও প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধায়ক সেবা কেন্দ্রের মাধ্যমে পাওয়া আবেদনগুলি ধারাবাহিকভাবে নারী ও শিশু কল্যাণ দপ্তরে পাঠানো হচ্ছে।” যোগ্য কোনও আবেদনকারী যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই নজর দেওয়া হচ্ছে বলে জানান শংকর ঘোষ।


You might also like!