Life Style News

1 hour ago

Quit Smoking: ধূমপান কমাতে চান? আগে চিনে নিন ধূমপানের এই ‘ট্রিগার’গুলো

Smoking Triggers Cigarette Addiction
Smoking Triggers Cigarette Addiction

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা প্রায় সকলেরই জানা। তবু অনেকেই এই অভ্যাস ছাড়তে পারেন না। অনেক সময় দেখা যায়, শুধু নেশার জন্য নয়, বিশেষ কিছু পরিস্থিতি বা মানসিক অবস্থার কারণেও মানুষ বারবার সিগারেটের দিকে ঝুঁকে পড়েন। বিশেষজ্ঞদের মতে, দিনের নির্দিষ্ট কিছু সময় বা পরিবেশ ধূমপানের তাগিদ আরও বাড়িয়ে দেয়।  মনোবিজ্ঞানীদের মতে, ধূমপানের সঙ্গে অনেক সময় দৈনন্দিন অভ্যাস ও মানসিক চাপ জড়িয়ে থাকে। যেমন কাজের চাপ, উদ্বেগ, একঘেয়েমি বা বন্ধুদের সঙ্গে আড্ডার সময় অনেকেই অজান্তেই সিগারেট ধরিয়ে ফেলেন। ফলে ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয় এবং পরবর্তীতে ছাড়া কঠিন হয়ে পড়ে।


∆ সিগারেট খাওয়ার ইচ্ছা বাড়িয়ে দিতে পারে কোন কোন পরিস্থিতি?

১. পানীয়ের সঙ্গে - অনেক সময়ে চা, কফি বা মদ্যপান করার সঙ্গে সিগারেট খেতে ইচ্ছা করে। ধীরে ধীরে এই যুগলবন্দি আরও পোক্ত হতে থাকে। যত বারই পানীয়ে চুমুক দেবেন, তখনই ধূমপান করতে ইচ্ছা করবে। ফলে আসক্তি বাড়তেই থাকে।

২. খাওয়ার পর - পেট ভরে খাওয়ার পর অনেক ধূমপায়ীদের সিগারেটের প্রতি আসক্তি বাড়ে। মনে হয়, খাওয়ার পর ধূমপান করতেই হবে। সেটিই একটি অভ্যাসে পরিণত হয়ে যায়। তার বদলে বরং অন্য কোনও কাজে নিজেকে নিযুক্ত করে ফেললে তা ওই বদভ্যাসকে বদলে দিতে পারে।

৩. সামাজিক পরিসরে - আপনি কখনও ধূমপান করতে চাইছেন না। অথচ আপনার সামনে বন্ধু বা পরিচিতেরা এক সঙ্গে সিগারেট খাচ্ছেন। তখন ধূমপান না করলে নিজেকে একলা মনে হতে পারে। এমন পরিস্থিতিতে অনেকেই অতিরিক্ত সিগারেট খেয়ে ফেলতে পারেন। নিজের প্রতি সংযম আনলে বা অন্যেরা কী ভাবছেন, সে দিকে মন না দিলে উপকার হতে পারে।

৪. গতির সঙ্গে-  অনেক সময়ে গতিময়তার মধ্যে একঘেয়ে লাগতে পারে। আর তা কাটাতে অনেকে সিগারেটে টান দেন। ধরা যাক, অফিস যাওয়ার সময়ে অনেক ক্ষণ আপনাকে গাড়ি চালাতে হয় বা গা়ড়িতে কেবল বসে থাকতে হয়। সে সময়ে বেশি নড়াচড়ার উপায় নেই বলে সিগারেট খেয়ে সময় কাটান কেউ কেউ। এই সময়ে কিছু মশলাপাতি চিবোতে থাকলে উপকার পেতে পারেন।

৫. শৌচালয়ে - অনেকেই শৌচালয়ে গিয়ে সিগারেট খান। শৌচালয়ের কাজ সারতে সারতে মনে হয়, শরীর যেন নিকোটিন চাইছে। আর সেখান থেকেই অভ্যাস তৈরি হয়ে যায়। এই দু’টি কাজকে অনেকেই এক ছাতার তলায় এনে ফেলেন। ফলে আসক্তি আরও বাড়তে থাকে। সে ক্ষেত্রে শৌচালয়ে কাটানো সময়টি কমিয়ে আনলেও কাজ দেয়। আরও নানা ভাবে এই অভ্যাস কাটানো যায়।

৬. বিরতিতে - একটানা অফিসে বা বাড়িতে কাজ করতে গিয়ে মনে হতে পারে, বিরতির প্রয়োজন। কিন্তু সেই বিরতির সময়ে বা ধূমপান করতে ইচ্ছা করে অনেকের। একই ভাবে অবসর সময়েও সিগারেটের সংখ্যা বেড়ে যায়।  


You might also like!