
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গরম পড়তেই বাজারে আমের ছড়াছড়ি। তবে শুধু খাওয়ার জন্যই নয়, ত্বকের যত্নেও এই ফল হতে পারে আপনার ভরসা। শুনতে অবাক লাগলেও, সঠিক উপায়ে ব্যবহার করলে আমই দিতে পারে নরম, উজ্জ্বল ও সতেজ ত্বক।
রূপচর্চায় আমের ব্যবহার বহুদিনের। এতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, ফলে বলিরেখা ও অকাল বার্ধক্যের ছাপ কমে। পাশাপাশি বিটা-ক্যারোটিন ত্বকের শুষ্কতা দূর করে এনে দেয় স্বাভাবিক উজ্জ্বলতা। শুধু আমের শাঁসই নয়, আমের আঁটির নির্যাসও ত্বকের পুষ্টি জোগাতে কার্যকর।
চলুন জেনে নিই, কীভাবে বানাবেন আম মাস্ক?
∆ মাস্ক তৈরিতে লাগবে:
এই বিশেষ মাস্কটি তৈরি করতে হাতের কাছে রাখুন:
শিয়া বাটার: দেড় টেবিল চামচ (গলানো)
ম্যাঙ্গো সিড বাটার: ১ টেবিল চামচ (পাকা আমের আঁটির ভেতরের অংশ কুড়িয়ে নেওয়া)
মধু: ১ টেবিল চামচ
নারকেল তেল: ১ চা চামচ
চন্দন গুঁড়ো: আধ চা চামচ
∆ বানানোর পদ্ধতি: পদ্ধতিটি খুবই সহজ। প্রথমে হালকা আঁচে শিয়া বাটার এবং আমের বীজের মাখন মিশিয়ে গলিয়ে নিন। মিশ্রণটি একটু ঘন হয়ে এলে তাতে মধু যোগ করুন। খুব ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না সেটি ক্রিমের মতো মোলায়েম হচ্ছে। এবার একে একে নারকেল তেল এবং চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন মসৃণ হয় এবং কোনও দলা পাকিয়ে না থাকে।
∆ ব্যবহারের সঠিক নিয়ম: মুখটা ভালো করে পরিষ্কার করে মুছে নিন। এবার চোখের চারপাশ বাঁচিয়ে মাস্কের একটি পাতলা স্তর মুখে মেখে ফেলুন। অন্তত ২০ মিনিট ওভাবেই রাখুন। শুকিয়ে এলে বরফ-ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। যদি পারেন, ধোয়ার আগে মুখে আলতো করে বরফের টুকরো ঘষে নিতে পারেন, এতে রক্ত সঞ্চালন বাড়বে। সব শেষে মুখ মুছে হালকা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
∆ উপকারিতা: যাঁদের ত্বক খুব শুষ্ক বা সেন্সিটিভ, তাঁদের জন্য এই মাস্ক স্বর্গীয়। আমের বীজের মাখন আর শিয়া বাটার ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয়। আর চন্দন ও মধুর ছোঁয়ায় রোদে পোড়া ত্বকের জ্বালাপোড়া কমে গিয়ে আসে শীতল অনুভূতি। তাই এই গরমে শুধু আম খেয়েই নয়, ত্বকেও লাগিয়ে নিন আমের পুষ্টিগুণ—ফল পাবেন চোখে পড়ার মতো।
