Life Style News

1 hour ago

Monsoon Tips: বর্ষায় ফুলে যাচ্ছে কাঠের দরজা-আলমারি? কারণ জানুন, সঙ্গে রইল সহজ সমাধানের উপায়

Monsoon Wooden Door Care
Monsoon Wooden Door Care

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্ষাকাল মানেই টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে পরিবেশ আর বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়া। এই সময় ঘরের নানা সমস্যার মধ্যে অন্যতম হল কাঠের দরজা, জানলা বা আলমারির দরজা হঠাৎ শক্ত হয়ে যাওয়া। অনেক সময় দরজা ঠিকমতো বন্ধ হয় না, আবার কখনও খুলতেই বেশ বেগ পেতে হয়। শুধু দরজা নয়, খাট, টেবিল, চেয়ার-সহ অন্যান্য কাঠের আসবাবেও এই পরিবর্তন চোখে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, কাঠ একটি প্রাকৃতিক উপাদান, যা পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে নেয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে কাঠ তার চারপাশের জলীয় বাষ্প শোষণ করতে শুরু করে। এর ফলে কাঠের আয়তন সামান্য বৃদ্ধি পায়, যা দরজা-জানলা বা আসবাবের স্বাভাবিক ব্যবহার ব্যাহত করতে পারে।  চলুন জেনে নেওয়া যাক, বর্ষায় কাঠের দরজা-আলমারি বা অন্যান্য আসবাব ফুলে যাওয়া রোধ করতে কোন সহজ ও কার্যকর উপায়গুলি অনুসরণ করতে পারেন।

১। মেঝের সঙ্গে সরাসরি যেন ছুঁয়ে না থাকে: বর্ষায় ঘর মোছার পর বা মেঝের স্যাঁতসেঁতে ভাব থেকে কাঠ সবচেয়ে বেশি জলীয় বাষ্প টানে। তাই আসবাবপত্রের পায়ের নিচে শক্ত প্লাস্টিক, রবার বা ধাতব ক্যাপ লাগিয়ে দিতে পারেন। এতে কাঠ সরাসরি মেঝের সংস্পর্শে থাকবে না এবং নিচ থেকে আর্দ্রতা টেনে ফোলার ঝুঁকিও অনেক কমে যাবে।

২। ঘরের ভেতর শুষ্ক রাখুন: বাতাসের আদ্রভাব কাটাতে ঘরে ডি-হিউমিডিফায়ার কিংবা ন্যাপথলিন ব্যবহার করতে পারেন। এগুলো বাড়তি আর্দ্রতা শুষে নেয়। পাশাপাশি আলমারির কোণে বা আসবাবের ওপর কয়েকটি লবঙ্গ ও শুকনো নিম পাতা ছড়িয়ে রাখলে প্রাকৃতিকভাবেই উইপোকা ও ছত্রাকের আক্রমণ আটকানো যায়।

৩। ভেজা কাপড় থেকে দূরে রাখুন: বর্ষাকালে ধুলোবালি পরিষ্কার করার জন্য ভেজা কাপড় ব্যবহার করা একদমই উচিত নয়। এতে আসবাব আরও বেশি জল টানে। সব সময় শুকনো ও নরম সুতি কাপড় দিয়েই ধুলো ঝেড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। আসবাবের উজ্জ্বলতা ধরে রাখতে ভালো উড পলিশ ব্যবহার করতে পারেন, যা কাঠের সুরক্ষাকবচ হিসেবে কাজ করে।

৪। তার্পিন তেলের মোম:  অনেকেরই অভ্যাস থাকে আসবাব পরিষ্কারে তার্পিন তেল ব্যবহার করা। কিন্তু বর্ষায় এই ভুল করলে কাঠের ক্ষতি হতে পারে। বদলে বাজারে মিলবে স্প্রে মোম । এটি আসবাবের গায়ে ওয়াটারপ্রুফ স্তর তৈরি করে দেয়, যার ফলে বাইরের আর্দ্রতা কাঠের ভেতরে সহজে ঢুকতে পারে না। 


You might also like!