
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অভিষেকের সঙ্গে তাঁর বাকযুদ্ধ শুরু হয়ে যায়। বিধানসভা নির্বাচন পর্ব তো বটেই, তার পরেও লাগাতার দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। সেই লড়াইয়ে এ বার নতুন মাত্রা দিতে চাইছে তৃণমূল। রবিবার কুণাল সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘বিরোধী দলনেতা ‘অভিষেক ফোবিয়া’-য় ভুগছেন। তাঁর মানসিক সুস্থতা কামনা করে বাড়িতে গোলাপ পাঠাবেন দলের ছাত্র ও যুব কর্মীরা। সঙ্গে ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ছবি পাঠানো হবে।’’
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় একটি টুইট করে শুভেন্দু দাবি করেন, কলকাতার একটি হোটেলে মহা ধুমধাম করে অভিষেকের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। সেখানে ৫০০ পুলিশ, এমনকি বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়োগ করা হয়েছে। মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। যদিও তৃণমূলের পক্ষে জানানো হয়, আদতে ওই অনুষ্ঠানটি ডায়মন্ড হারবার ক্লাবের। একই দাবি করে নিজের ফেসবুক পেজে অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। এর পরেই সাংবাদিক বৈঠক করে নতুন কর্মসূচির ঘোষণা কুণালের।
