Suvendu Adhikari : বাঁকুড়ায় সভা করার অনুমতি পেলেন শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১৪ নভেম্বর  : মঙ্গলবার, ১৫ নভেম্বর আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার জেলা পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হন। সোমবার কলকাতা হাই কোর্ট রাইপুরে শর্তসাপেক্ষে তাঁর কর্মসূচির অনুমতি দিল।

মঙ্গলবার একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে জঙ্গলমহল এলাকায়। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই জেলার অন্য প্রান্তে আদিবাসীদের এক অনুষ্ঠানে যোগ দেবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার বাঁকুড়ার রাইপুরে সভা, মিছিল করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বিরসা মুন্ডা জন্মদিনে বাঁকুড়ার রাইপুরে মিছিল কর্মসূচি স্থির করা হয়েছিল বঙ্গ বিজেপির তরফে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে নেতৃত্ব দেবেন বলে ঠিক করা হয়। গত ১০ তারিখ বাঁকুড়া পুলিশ প্রশাসনের কাছে কর্মসূচির অনুমতি চাওয়া হয়। কিন্তু অনুমোদন দেয়নি বাঁকুড়া জেলা পুলিশ। রাইপুর যথেষ্ট স্পর্শকাতর এলাকা। তাই বিরোধী দলনেতার নিরাপত্তার প্রসঙ্গ উল্লেখ করে পুলিশ সভার অনুমোদন দেয়নি।

এনিয়ে শুভেন্দু অধিকারী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সোমবার হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ১৫ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে বাঁকুড়ায় শুভেন্দুর মিছিলে কোনও বাধা নেই। তবে শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে। বিরোধী দলনেতা কেন্দ্রীয় নিরাপত্তা পান। তাই তাঁর সঙ্গে সিআইএসএফ জওয়ানরা থাকবেন। তাঁদের সহযোগিতা করবে জেলা পুলিশ। মিছিলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা পুলিশ নিশ্চিত করবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…