
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত শুক্রবার, আসানসোল জেলে নিয়ে ইডির আধিকারিকরা দীর্ঘ সময় ধরে জেরা করেন সহগলকে। তার পর তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। যদিও আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। ইডির মামলাও শোনেননি বিচারক। এর পরই ইডি হাই কোর্টের দ্বারস্থ হয়। আদালতের অবসরকালীন বেঞ্চে মামলাটি ওঠে। ইডি রবিবারই জরুরি শুনানির আবেদন জানায়। জানা যায়, তা গ্রাহ্য হয়নি। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি শোনা হয়।
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহগল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার ইডির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে চলে সওয়াল-জবাব। তার পরই ইডির আবেদন খারিজ করে দেয় আদালত। ইডির কাছে এই সংক্রান্ত নথি না থাকার কারণেই সহগলকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন মঞ্জুর করল না আদালত বলে জানা গিয়েছে।
বলা হয়েছিল, দিল্লির আদালত থেকে উপযুক্ত নথি এনে ইডিকে তা আদালতে জমা দিতে হবে। আদালত সন্তুষ্ট হলে তবেই সহগলকে দিল্লি নিয়ে যাওয়ার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করা হবে।
