
কলকাতা, ১০ অক্টোবর : দক্ষিণ কলকাতার মোমিনপুরে হিংসাত্মক ঘটনা, দোকানপাট লুঠ, মোটর সাইকেল ভাঙচুর ও একবালপুর থানায় দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় কেন্দ্রীয় নিরাপত্তা চাইলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে হিংসাত্মক ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মোমিনপুরে। ভাঙচুর চালানো হয় দোকান, মোটরবাইকে। একবালপুর থানাতেও তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ।এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, "কোজাগরী পূর্ণিমার রাতে মোমিনপুরের হিংসায় দোকানপাট লুঠ, মোটরসাইকেল ভাঙচুর ও একবালপুর থানার দখল দুষ্কৃতীদের হাতে চলে যাওয়ার অর্থ হল, উলুবেড়িয়ার পাঁচলার ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা প্রবল। মমতা সরকারের তোষণের নীতি ও দুষ্কৃতী দমনে উদাসীনতার ফলে এই স্ফুলিঙ্গ দাবানলে রূপান্তরিত হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই আমি ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি ও পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল শ্রী লা গণেশন জিকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে অবগত করিয়েছি। আমি অনুরোধ জানিয়েছি যে এই মূহুর্তেই যেন এই হিংসা হাতের বাইরে চলে যাওয়ার আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে আইন শৃঙ্খলা রক্ষা করা হয়।"
