
কলকাতা, ১৩ অক্টোবর : দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আগামী তিন চার দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে । পাশাপাশি বৃহস্পতিবার দিনভর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এদিন এমনটাই পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতরের তরফে।
বঙ্গোপসাগর দিয়ে আশা যে জলীয় বাষ্প প্রবেশ করছে এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা সেরকম উল্লেখযোগ্য কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই আগামী তিন চার দিন। বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাওয়া গিয়েছিল । আজ এবং আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই রকমই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এমনটাই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ১৭ তারিখের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে। তবে তার আগে আবহাওয়া পরিবর্তনের কোন রকম সম্ভবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিনও শহরের আকাশ আংশিক মেঘলাই থাকবে। বিক্ষিপ্ত হালকা-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের যেকোনো সময়ে। এই বৃষ্টির পরেও তাপমাত্রার দিক থেকে স্বস্তি মেলেনি। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়তে পারে এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। শহরের বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ প্রায় ৯৫ শতাংশ।
উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হতে পারে এদিন । তবে সম্পূর্ণ বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাবেন না উত্তরবঙ্গবাসী। শুক্রবার থেকে ধীরে ধীরে কাটবে দুর্যোগ, ভারী বৃষ্টি থেমে যাবে । উত্তরবঙ্গ সহ সিকিম ও উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে আগামী ২৪ ঘন্টা একি আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘণ্টায় । উত্তরের পাশাপাশি অন্যান্য জেলাগুলো মালদা, দুই দিনাজপুর এই জেলাতেও বৃষ্টি হবে হালকা । ১৪ অক্টোবর বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে ।
