International

1 hour ago

Ada Yonath dies at 87: প্রয়াত নোবেলজয়ী বিজ্ঞানী অ্যাডা ইয়োনাথ

Israeli Nobel Prize winner Ada Yonath
Israeli Nobel Prize winner Ada Yonath

 

রেহোভোত, ১ সেপ্টেম্বর : নোবেল পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ইজরায়েলি বিজ্ঞানী তথা এক্স-রে ক্রিস্টালোগ্রাফার অ্যাডা ইয়োনাথ ৮৭ বছর বয়সে পরলোকগমন করেছেন। সোমবার তিনি প্রয়াত হন। ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স-এর তরফ থেকে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে, যেখানে তিনি তাঁর বৈজ্ঞানিক জীবনের সিংহভাগ সময় গবেষণা চালিয়ে গেছেন।

অ্যাডা ইয়োনাথ ২০০৯ সালে রাইবোজোমের গঠন ও কার্যপ্রণালী সংক্রান্ত যুগান্তকারী গবেষণার জন্য রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। কোশের ভেতরে প্রোটিন কীভাবে তৈরি হয়, তা বোঝার ক্ষেত্রে তাঁর উদ্ভাবনী গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাঁর এই আবিষ্কার গবেষকদের আরও বেশি কার্যকরী অ্যান্টিবায়োটিক তৈরি এবং অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নতুন পথ দেখায়। ওয়াইজম্যান ইনস্টিটিউটের মতে, একবিংশ শতাব্দীর অন্যতম গুরুতর চিকিৎসা সংক্রান্ত চ্যালেঞ্জ— অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ে তাঁর উদ্ভাবন অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয়েছে।

১৯৩৯ সালে জেরুজালেমে জন্মগ্রহণকারী অ্যাডা ইয়োনাথের শৈশব কেটেছে চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে। অতি অল্প বয়সেই তাঁকে কাজ শুরু করতে হয়েছিল, কিন্তু তিনি পড়াশোনা থামাননি। ১৯৬৮ সালে তিনি ওয়াইজম্যান ইনস্টিটিউট থেকে এক্স-রে ক্রিস্টালোগ্রাফিতে পিএইচডি সম্পূর্ণ করেন এবং পরবর্তীতে বিজ্ঞান বিশ্বে অসামান্য অবদান রাখেন।

ইজরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ বিজ্ঞানী ইয়োনাথকে দেশের বৈজ্ঞানিক ইতিহাসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, অ্যাডা ইয়োনাথ ছিলেন এমন এক পথিকৃৎ নারী বিজ্ঞানী, যিনি নিজের কৌতূহল, লক্ষ্যের প্রতি নিষ্ঠা ও দৃঢ় সংকল্পের জোরে জ্ঞানের সীমানাকে আরও প্রসারিত করেছিলেন।

You might also like!