
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও "বন্ধু" সম্বোধন করে ট্রাম্প বলেন, বন্ধু মোদীর সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি হবে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "বছরের পর বছর ধরে ভারত আমেরিকার সুযোগ নিয়েছে। তারা আমাদের ওপর বিপুল শুল্ক আরোপ করেছে এবং কিছুই পরিশোধ করেনি। এখন পরিস্থিতি ঠিক উল্টো এবং আমরা ভারতের সঙ্গে প্রচুর অর্থ উপার্জন করছি। কিন্তু আমরা একটি চুক্তিতে পৌঁছব, কারণ আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি; তিনি আমার একজন ভালো বন্ধু এবং আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে একটি ভালো সম্পর্ক আছে।"
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে অভিযান থেকে সেনা প্রত্যাহারের পক্ষে প্রস্তাব পেশ হয়েছে আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি চার রিপাবলিকান সদস্যও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। এ বার সেই ভোটদানকেই অর্থহীন বলে উড়িয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দলের চারজন সদস্য আসলে ‘দেশবিরোধী’ কাজ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। এর পাশাপাশি হুমকি বজায় রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট। বলেছেন, ‘‘ইরানের হাতে কোনও আমেরিকার সেনার যদি মৃত্যু হয় সে ক্ষেত্রে যুদ্ধ ফের শুরু হবে। তার যৌক্তিকতাও অস্বীকার করা যাবে না।’’
