
মগরাহাট, ৫ মার্চ : নিজের শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর ধান জমিতে পুঁতে দিয়ে পলাতক বাবা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার অন্তর্গত দেউলা নাজরার ডোম পাড়া এলাকার। নিহত শিশুর নাম রোহিত শেখ (৭)। অভিযুক্ত বাবা রফিকুল সেখ ঘটনার পর থেকেই পলাতক। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, স্থানীয় দেউলা গ্রামের বাসিন্দা রফিকুল শেখ শনিবার সন্ধ্যায় তার নিজের ছেলেকেই গ্রামের ধান জমিতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে। খুন করার পর ধানজমিতে পুঁতে দিয়ে পালিয়ে যায়। এরপর পরিবারের এক নিকট আত্মীয়কে ফোন করে অভিযুক্ত বাবা রফিকুল সেখ। সে জানায় তার ছেলেকে সে খুন করে ধান জমিতে পুঁতে দিয়েছে। এরপর পরিবারের লোকজন ধান জমি থেকে শিশু সন্তানকে উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কী কারণে নিজের ছেলেকে এভাবে নৃশংস ভাবে খুন করল বাবা তার কারণ স্পষ্ট নয়। এলাকার বাসিন্দারা জানিয়েছে, রফিকুল শেখ পেশায় একজন ভ্যান চালক। রোহিত শেখ তার একমাত্র সন্তান ছিল। অভাবের সংসারে কোনও মতেই দিন গুজরান হতো তাদের। সংসারে অভাব অনটনের জেরে মানসিক অবসাদে ভুগছিল রফিকুল। এরই জেরে নিজের সন্তানকে খুন করে পালিয়ে যায় সে, এমনটাই স্থানীয় বাসিন্দারা মনে করছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত।
