kolkata

1 hour ago

Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রশাসনিক সদর দফতরে তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অফ অনার’ জানানো হয়। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্ন চত্বরে উপস্থিত ছিলেন শীর্ষ আমলারা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।

এর আগে এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সকাল সাড়ে নটা নাগাদ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়ি যান। ফুলমালায় তাঁকে স্বাগত জানান স্থানীয়রা। এরপর শমীককে সঙ্গে নিয়ে একই গাড়িতে রাজ্য বিজেপি কার্যালয়ে যান শুভেন্দু। তাঁকে স্বাগত জানাতে সেজে ওঠে সল্টলেকের দলীয় কার্যালয়। ফুল, বরণডালায় রাজ্য বিজেপি দপ্তরে তাঁকে বরণ করে নেওয়া হয়। ২০৭টি পদ্মের মালায় তাঁকে বরণ করা হয়। কুলো হাতে শুভেন্দুকে অভ্যর্থনা জানান মহিলারা। এখানে একপ্রস্থ সাংগঠনিক বৈঠক সারেন শুভেন্দু।

সাংগঠনিক বৈঠক সেরে নবান্নে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এরপর ১৪ তলায় নিজের দপ্তরে পৌঁছন নতুন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নবান্নে পৌঁছে গিয়েছেন নবনির্বাচিত ৫ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনীয়া এবং নিশীথ প্রামাণিক। আজই নতুন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। জানা গিয়েছে, এদিন নবান্নে তিনটি প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। প্রথমে সচিবদের সঙ্গে, পরে জেলাশাসক এবং বিকেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকরা।

এর আগে রবিবার নবান্নের নিরাপত্তা ব্যবস্থা রবিবার খতিয়ে দেখে কলকাতা ও হাওড়া পুলিশ। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার অখিলেশ চতুর্বেদী পৌঁছে যান নবান্নে। সঙ্গে ছিলেন পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকও। প্রথমেই দুই সিপি-র নেতৃত্বে নবান্ন চত্বর খতিয়ে দেখে পুলিশ। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তা কীরকম থাকবে, যেখানে তিনি বৈঠক করবেন সেই সভাঘরের নিরাপত্তা কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। পরে নবান্নের সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও সারেন পুলিশ আধিকারিকরা। 


You might also like!