
কলকাতা, ১২ মে : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তভার হাতে নিল সিবিআই। রাজ্য পুলিশ এই তদন্তের জন্য সিবিআইয়ের নাম সুপারিশ করেছিল। মঙ্গলবার তাদের হাত থেকে তদন্তের দায়িত্বভার গ্রহণ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, এই তদন্তের জন্য সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হবে। কলকাতা অঞ্চল (জোন)-এর যুগ্ম নির্দেশক (হেড অফ জোন)-এর অধীনে কাজ করবে সেই দল। উল্লেখ্য, চন্দ্রনাথ খুনের ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্ত। এমতাবস্তায় এই খুনের ঘটনার তদন্তভার পেল সিবিআই।
উল্লেখ্য, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথকে গুলি করে খুন করা হয়। চন্দ্রনাথের গাড়ির সামনে অন্য একটি চারচাকার গাড়ি চলে এসেছিল। তার ফলে চন্দ্রনাথের গাড়ি দাঁড়িয়ে যায়। সেই সময় দু’পাশ থেকে দু’টি বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। চন্দ্রনাথ এবং তাঁর গাড়ির চালককে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয়েছিল। তাঁর গাড়ির চালক এখনও হাসপাতালে।
