kolkata

1 hour ago

Samik Bhattacharya : ‘ভয় কাটুক, বাংলায় আসুক শিল্প’, জমি নীতি নিয়ে বড় বার্তা শমীকের

Samik Bhattacharya
Samik Bhattacharya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তৃণমূল সরকারের আমলে বাংলায় শিল্পের বিকাশ থমকে গিয়েছিল বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বেঙ্গল চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, পর্যাপ্ত সহযোগিতার অভাবে বহু শিল্পপতি অন্য রাজ্যে বিনিয়োগ করেছেন। পালাবদলের পর বর্তমান সরকার শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি, শিল্পের প্রসারে সুস্পষ্ট জমি নীতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শমীক।

অনুষ্ঠান থেকে রাজ্য সভাপতি জানান, তৃণমূল সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। কোনও নিরাপত্তা ছিল না। কিন্তু বর্তমান সরকারের আমলে এমন হবে না বলে আশ্বাস দিয়েছেন শমীক। যদিও তিনি স্পষ্ট করে দেন, তিনি সরকারের হয়ে বক্তব্য রাখছেন না। কিন্তু তা সত্ত্বেও তিনি নিশ্চিত করেছেন বর্তমান রাজ্য সরকারের আমলে বাংলায় বিনিয়োগ হবে। শিল্প আসবে। তৃণমূল আমলে ভয়ের আবহ তৈরি হয়েছিল। সেই ভয় কাটিয়ে বিনিয়োগ করতে পারবেন শিল্পপতিরা।

শমীক আরও বলেন, শিল্পপতিদের উপরে দখলদারি চালানো হচ্ছিল। তাঁদের কোনও নিরাপত্তা ছিল না। রাজ্যে বিনিয়োগ করতে সমস্যায় পড়ছিলেন শিল্পপতিরা। সেই কারণে এতদিন রাজ্যের শিল্পপতিরা ভিন রাজ্য যেমন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে গিয়ে বিনিয়োগ করতেন। এভাবে বাংলা থেকে প্রচুর শিল্প চলে গিয়েছে। তৃণমূল সরকারের অসহযোগিতার কারণেই এরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ শমীকের। কিন্তু এই পরিস্থিতি পালটানোর আবেদন জানান তিনি। বাংলায় আরও বেশি করে বিনিয়োগের বার্তা দেন রাজ্য সভাপতি।

পালাবদলের কারণে রাজ্যে ১৫ বছরের তৃণমূল সরকারের পতন হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল বাংলায় শিল্পের হাল। ক্ষমতায় আসার পর সেই শিল্পের হাল ফেরাতে বার্তা দিল বিজেপি। রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শমীক ভট্টাচার্য।

You might also like!