West Bengal

1 hour ago

Suvendu Adhikari :বাংলার সীমান্ত সুরক্ষায় নতুন ভাবনা, অসম মডেলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অনুপ্রবেশ ইস্যুতে ফের কড়া অবস্থান নিল বাংলার নতুন বিজেপি সরকার। অসমে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রুখতে অসমের মডেল অনুসরণ করতে পারে পশ্চিমবঙ্গও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুরেই তিনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেন। তাঁর এই মন্তব্য ঘিরে বাংলায় ভবিষ্যতে এনআরসি চালুর সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

তৃণমূল আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় ঘাঁটি গেড়েছে! সীমান্ত এলাকার জেলাগুলিতে তাঁরা থাকছে, এই অভিযোগ তুলেছে বিজেপি। ভোটের প্রচারেও এবার অনুপ্রবেশ ছিল অন্যতম ইস্যু। বাংলায় এসআইআরে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। বিজেপি সরকারে আসার পরেও যে কোনওভাবে অনুপ্রবেশ ইস্যু হালকা করতে রাজি নয়, তাও বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। বাংলা অনুপ্রবেশকারী মুক্ত করতে অসম মডেল ফলো করার ইঙ্গিতও এদিন দিলেন শুভেন্দু। 

অসমে গিয়ে শুভেন্দু জানিয়েছেন, “দেশের ভালোর জন্য অসমে, ত্রিপুরার যে কাজ হয়েছে, সেই কাজ সম্পূর্ণ করতে বাংলাতেও বিজেপি সরকার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মিটিংয়ে বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর অসম, ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা শেষ হয়ে গিয়েছে। বাংলাতেও আগে তুষ্টিকরণের সরকার ছিল। সেই সরকার বিএসএফকে জমি পর্যন্ত দেয়নি। দেশের সুরক্ষায় প্রশ্ন উঠে গিয়েছিল। অনুপ্রবেশ ইস্যু, বাংলাদেশ সীমান্ত সুরক্ষা করার জন্য অসম যে কাজ করেছে, বাংলাতেও সেই পদক্ষেপ করা হবে।”

হিমন্ত বিশ্বশর্মা সম্পর্কে তাঁর দাদার মতো। তাঁর থেকে অনেক কিছু শেখার আছে। তাঁর কাজের থেকে শিক্ষা নিয়েও কাজ করা হবে। এদিন সেই কথাও জানিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, “হিমন্ত বিশ্বশর্মা আমার বড় ভাই। তাঁর সঙ্গে আমার সুসম্পর্ক অনেক দিনের। তিনি অনেক সাহায্যও করেন। একসঙ্গে কাজ করি। ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে। রাত একটার সময়ও তিনি নিজে হাতে ফোন ধরে কথা বলেন।” অসমের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী দিন আরও ভালো হবে, হিমন্তকে সেই বিষয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

You might also like!