
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পরিবর্তনের ছোঁয়া বিধানসভায়: নীল-সাদা অতীত মুছে গেরুয়াকরণ। বৃহস্পতিবার সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার পর থেকেই বিধানসভা চত্বরে শুরু হয়েছে সংস্কারের কাজ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের নামফলক খোলার কাজ শেষ হয়েছে শুক্রবার দুপুরের মধ্যেই। দীর্ঘ এক দশক পর বিধানসভার দেওয়ালে নীল-সাদা রঙের বদলে ফিরছে ট্র্যাডিশনাল গেরুয়া ও ঘিয়ে রঙের প্রলেপ। নব্য বিধায়কদের সুবিধার্থে এবং নজিরবিহীন নিরাপত্তার খাতিরে তৈরি হচ্ছে নতুন র্যাম্প ও মেটাল ডিটেক্টর জোন। নতুন স্পিকার নির্বাচনের আগেই গোটা ভবনকে নবরূপে সাজিয়ে তোলাই এখন গণপূর্ত দপ্তরের প্রধান লক্ষ্য।
জানা যাচ্ছে, শনিবার ব্রিগেড ময়দানে নতুন বিধায়কদের শপথের পরই বিধানসভায় এসে বসতে পারেন ভাবী মুখ্যমন্ত্রী। এটা অবশ্য প্রতীকী। তবে যেহেতু আপাতত এখানেই মুখ্যমন্ত্রী ও সচিবালয়ের কাজ চলবে, তাই শনিবার থেকে বন্ধ রাখা সব ঘর খুলে যাবে। শনিবার জন্য সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। আগেই সিদ্ধান্ত হয়েছে, বিজেপি সরকার আর নবান্ন থেকে নয়, ঐতিহাসিক মহাকরণ থেকে চলবে সরকারি কাজ। সেই কারণে মহাকরণ সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে তাতে বেশ কিছুটা সময় লাগবে বলে আপাতত বিধানসভা থেকে চলবে মন্ত্রিসভার কাজ।আরও জানা গিয়েছে, ৬ মাস বিধানসভা থেকে সচিবালয় চালাবেন নতুন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর পুরোনো ঘরেই নতুন মুখ্যমন্ত্রী বসবেন। সচিবালয় বসছে একই ক্যাম্পাসে থাকা প্ল্যাটিনাম জুবিলি হলে।
