
কলকাতা, ২৮ এপ্রিল : সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে হতে পারে ঝড়-বৃষ্টি। ভোটের দিন, বুধবার কলকাতা-সহ কয়েক জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা কমবে। গরমের দাপট কমে ইতিমধ্যেই অবশ্য স্বস্তি কিছুটা ফিরেছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঝড়-বৃষ্টি। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়- বৃষ্টির সম্ভাবনা বেশি। আবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ওই একই সতর্কতা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি আপাতত চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
