
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ফলতায় কি ফের ভোট? ইভিএম কারচুপির অভিযোগে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-এর হুঁশিয়ারি, প্রয়োজনে শুধু কয়েকটি বুথ নয়, গোটা কেন্দ্রেই পুনর্নির্বাচন হতে পারে। ইতিমধ্যেই কমিশন বিস্তারিত রিপোর্ট তলব করেছে এবং অবজারভারদের পর্যবেক্ষণ খতিয়ে দেখা হচ্ছে। তাহলে কি ফলতার ভোটের ফল বদলে যেতে পারে? এখন সেই উত্তরই খুঁজছে রাজনৈতিক মহল।
দ্বিতীয় দফায় বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ আসছে। এরমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তাঁর অভিযোগ, বেশ কয়েকটি ইভিএম মেশিনের নির্দিষ্ট বোতামে সেলোটেপ লাগিয়ে সেটিকে অকার্যকর করে দেওয়া হয়েছে, যাতে ভোটাররা বিজেপির প্রতীকে ভোট দিতে না পারেন। এই ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সরাসরি আঘাত বলে দাবি দাবি বিজেপি প্রার্থীর। শুধু তাই নয়, পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে বলেও মন্তব্য তাঁর। অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ দাবি করেন দেবাংশু পান্ডা। এরপরেই কমিশনের তরফে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়।
এরপরেই মনোজ আগরওয়াল জানান, যে সমস্ত জায়গায় ইভিএমে টেপ দেখা গিয়েছে, সেখানে পুনর্নির্বাচন হবে। যদি বেশি সংখ্যক বুথে টেপ লাগানোর ঘটনা ঘটে থাকে, তা হলে গোটা বিধানসভাতেই পুনর্নির্বাচন হবে। তবে সবটাই নির্ভর করছে অবজারভারদের পাঠানো রিপোর্টের উপর। তবে কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত একটি বুথেই এমন টেপ লাগানোর অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে বিরোধী দলনেতা তথা প্রার্থী শুভেন্দু অধিকারীকে ফোন করে বিস্তারিত খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
