
বহরমপুর, ১৫ অক্টোবর : এনফিল্ড বুলেটে চেপে হাত ছেড়ে দিয়ে বিভিন্ন ভঙ্গিতে গাড়ি চালাতে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। তিন দশক আগে মুর্শিদাবাদে অধীর চৌধুরীক এইভাবেই দেখতে অভ্যস্ত ছিলেন জেলাবাসী। ফের সেই মুডেই রবিবার বহরমপুর বাইপাশ রোডে হাত ছেড়ে বাইক চালিয়ে কার্যত চোখ ধাঁধিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
খোস মেজাজে নতুন বাইপাশ রাস্তায় প্রায় ১১ কিলোমিটার বাইক চালালেন তিনি। অধীর চৌধুরীকে ফের এই মুডে দেখে অবাক অন্য বাইকচালক তথা কংগ্রেস সমর্থকরা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে এই দৃশ্য উপভোগ করলেন সাধারণ মানুষ। কেন্দ্রের সড়ক পরিবহণ দফতরে বিশেষ অনুরোধ জানিয়ে পুজোর আগে সাময়িকভাবে বাইপাস খুলে দেওয়ার অনুরোধ জানান অধীর চৌধুরী। সেইমতো শনিবার থেকে খুলে দেওয়া হয় বহরমপুর বাইপাস রাস্তা। আর এদিন সকালেই সেই রাস্তায় বাইক স্টান্ট অধীর চৌধুরীর।
গায়ে গেরুয়া শার্ট, মাথায় টুপি। কখনও বাইকের হ্যান্ডেল ছেড়ে জোড় হাতে নমস্কার করছেন, কখনও আবার দু'হাত মেলে পাখির মতো ওড়ার ভঙ্গিতে চললেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
