
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলা-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবের তত্ত্বাবধানে এই জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফকে আমরা জমি হস্তান্তরের অনুমোদন দিলাম। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে জমি। ভূমি ও রাজস্ব সচিবের ও মুখ্যসচিবের তত্ত্বাবধানে হবে জমি হস্তান্তর প্রক্রিয়া।”
শুধু বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণাই নয়। বাংলায় চালু থাকা যে কোনও সামাজিক প্রকল্প বন্ধ না থাকার কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আরও একটি বিষয় উল্লেখযোগ্যভাবে মনে করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, “বাংলায় চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কোনও অভারতীয়রা যাতে এই প্রকল্পের সুবিধা না পায়, তাও দেখা হবে। কোনও মৃত মানুষের নামে প্রকল্পের সুবিধা যাবে না। স্ক্রুটিনির পরই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মানুষ। “
