
কলকাতা, ২ এপ্রিল : এপ্রিল মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরমের দাপট অনুভূত হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে গরমের দাপট আরও বাড়বে। আগামী ২ থেকে ৬ এপ্রিলের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, তপ্ত বাতাস বা ‘লু’ এই অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে। তবে ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে আবহাওয়ায় কিছুটা বদল আসার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই তিলোত্তমায় চড়া রোদের দেখা মিলেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ চড়বে এবং ভ্যাপসা গরমে শহরবাসীকে নাজেহাল হতে হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও গরমের দাপট অব্যাহত থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। লু না বইলেও কড়া রোদ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে ৭ এপ্রিল থেকে আবহাওয়া কিছুটা বদলাতে পারে। ওই সময় থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং সেই সঙ্গে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই মনোরম। এদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী সোমবারও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
