
খড়গপুর, ২৮ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ ফুল ব্যবসায়ী-সহ ৬ জন। ৬ নম্বর জাতীয় সড়কের উপর গাড়িতে ফুল তোলার সময় পিছন থেকে ধাক্কা মারে লরি। সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ ফুল ব্যবসায়ীর। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। গুরুতর আহত ৪ ফুল ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুজোর আগের রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালা বাজার এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে। ৬ নম্বর জাতীয় সড়কে প্রায় ১৫ জন ফুল ব্যবসায়ী গাড়ি দাঁড় করিয়ে লরিতে ফুল ওঠাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে একটি সিমেন্ট বোঝায় লরি এসে ফুল ব্যবসায়ীদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন ফুল ব্যবসায়ী ও যে গাড়িটি দাঁড়িয়ে ফুল ওঠাচ্ছিল, সেই গাড়ির চালকের। দুর্ঘটনায় আরও ৪ জন ফুল ব্যবসায়ী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গপুর লোকাল থানার পুলিশ। এলাকাবাসীর সহযোগিতায় মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এর পাশাপাশি আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়।
