Technology

1 hour ago

WhatsApp User Notice: ৮ সেপ্টেম্বরের পর বন্ধ হোয়াটসঅ্যাপ! পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা

The End of WhatsApp Support on Old Android Phones
The End of WhatsApp Support on Old Android Phones

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘদিন ধরে একই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছেন? তাহলে এখনই সতর্ক হওয়ার সময়। কারণ খুব শ্রীঘ্রই এমন এক পরিবর্তন আসতে চলেছে, যার ফলে বহু পুরনো ফোনে আর চলবে না জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রযুক্তির নিয়ম মেনেই এই সিদ্ধান্ত, আর তাতেই সমস্যায় পড়তে পারেন বহু ব্যবহারকারী।

প্রযুক্তি সংস্থাগুলি নিয়মিত তাদের অ্যাপ এবং অপারেটিং সিস্টেম আপডেট করে থাকে। এর মূল কারণ হল নিরাপত্তা বৃদ্ধি এবং নতুন ফিচার যোগ করা। কিন্তু এই আপডেটের সঙ্গে তাল মেলাতে পারে না পুরনো ডিভাইসগুলি। ফলে ধীরে ধীরে সেইসব ফোনে অ্যাপ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বহু অ্যান্ড্রয়েড ফোন। জানা গিয়েছে, যেসব স্মার্টফোনে অপারেটিং সিস্টেম Android 5.0 Lollipop বা তার থেকেও পুরনো ভার্সন রয়েছে, সেগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। অর্থাৎ Android 6.0 Marshmallow-এর নীচের ভার্সনে চলা ফোনগুলো এই পরিষেবা থেকে বাদ পড়তে চলেছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকেই এই পরিবর্তন কার্যকর হবে বলে জানা যাচ্ছে। 


এই সিদ্ধান্তের পিছনে রয়েছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা। পুরনো অপারেটিং সিস্টেমগুলি আধুনিক অ্যাপের নতুন ফিচার বা নিরাপত্তা আপডেট সঠিকভাবে সমর্থন করতে পারে না। এর ফলে অ্যাপ ক্র্যাশ করা, ফোন হ্যাং হয়ে যাওয়া কিংবা ডেটা সুরক্ষার ঝুঁকি বাড়ার মতো সমস্যা দেখা দেয়। সেই কারণেই ব্যবহারকারীদের আরও উন্নত ও নিরাপদ অভিজ্ঞতা দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এখনও সময় রয়েছে প্রস্তুতি নেওয়ার। যাঁরা পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, তাঁদের জন্য প্রথম কাজ হওয়া উচিত গুরুত্বপূর্ণ চ্যাট, ছবি এবং নথিপত্র ব্যাকআপ নেওয়া। কারণ নির্দিষ্ট সময়ের পর অ্যাপটি সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দিলে এই ডেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

অন্যদিকে, এই আপডেট নিয়ে আপাতত চিন্তার কোনও কারণ নেই আইফোন ব্যবহারকারীদের। iOS প্ল্যাটফর্মে এখনও এই ধরনের কোনও সীমাবদ্ধতার ঘোষণা করা হয়নি। ফলে তারা স্বাভাবিকভাবেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে গেলে ডিভাইস আপডেট রাখা এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। আর যদি আপনার ফোন সেই দৌড়ে পিছিয়ে পড়ে, তাহলে হয়তো এবার নতুন স্মার্টফোন কেনার কথা ভাবার সময় এসে গিয়েছে।


You might also like!