
কলকাতা : ফের জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্বভারতীর এস্টেট বিভাগে জয়েন্ট রেজিষ্ট্রার চিঠি পাঠিয়ে অমর্ত্য সেনকে জমি মাপার কথা জানিয়েছেন। তাঁর সুবিধামতো দুদিন সময় চাওয়া হয়েছে জমি মাপার জন্য। এর আগে যে বিশ্বভারতী চিঠি দিয়েছিল জমি ফেরত চেয়ে, এদিনের চিঠিতে তারও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, উভয় পক্ষের উপস্থিতিতে জমি মাপার কাজ হবে। একই সঙ্গে এদিনও ফের বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক এক দীর্ঘ প্রেস বিবৃতিতে নাম না করে অমর্ত্য সেন এবং নাম করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন। এর থেকেই বোঝা যায়, বিশ্বভারতী কর্তৃপক্ষ জিইয়ে রাখতে চায়।
প্রসঙ্গত, ১৯৪৩ সালে বিস্বভারতী অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে ১৩৮ শতক জমি লিজ দেয়। বাবার মৃত্যুর পর অমর্ত্যর নামে ওই জমি রেকর্ড হয়। হঠাৎই বিশ্বভারতী আবিষ্কার করে ওই ১৩৮ শতক জমির বদলে অমর্ত্য সেনের নামে রেকর্ড হয়েছে ১২৫ শতক জমি। তাই নিয়েই আশ্রমিকদের মধযে নানা প্রশ্ন উঠেছে। ২০০৬ সালে যখন ওই জমি অমর্ত্যর নামে রেকর্ড হয় তখন উপাচার্য ছিলেন রজতকান্ত রায়। তিনি অমর্ত্যর অত্যন্ত কাছের মানুষ বলেই পরিচিত।
