
ম্যানচেস্টার, ২০ মে : শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হতো ম্যানচেস্টার সিটিকে। পিছিয়ে পড়ার পর, মরিয়া হয়ে চেষ্টা করল, গোল শোধ করলে বটে, কিন্তু জয়ের জন্য একটি গোল পেল না দলটি। ম্যাচ হল অমীমাংসিত। আর সিটির এই হোঁচটে ২২ বছরের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিল আর্সেনাল। ভাইটালিটি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শিরোপা পুনরুদ্ধারের আশা শেষ হয়ে গেল পেপ গুয়ার্দিওলার দলের। ইলি জুনিয়র কোপির গোলে পিছিয়ে পড়ার পর, সমতা টানেন আর্লিং হলান্ড।
প্রিমিয়ার লিগে গত মরসুমে এই মাঠে ২-১ গোলে সিটি হেরে গিয়েছিল। এর আগে সবশেষ ২০০৩-০৪ মরসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ‘গানার’ খ্যাত দলটি। ৩৭ রাউন্ড শেষে ২৫ জয় ও সাত ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করলো আর্তেতার দল। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি।
