
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে গিয়ে Suvendu Adhikari ঘোষণা করেছেন, বিজেপি সরকার রাজ্যবাসীকে দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি এক বছরের মধ্যেই পূরণ করবে। পাশাপাশি তিনি জানান, তাঁর সরকারের উন্নয়নমূলক পরিকল্পনায় উত্তরবঙ্গকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
পশ্চিমবঙ্গে বিগত বেশ কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ধারাবাহিক ভাবে ভাল ফল করে এসেছে বিজেপি। এই অবস্থায় বিজেপির সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্তরবঙ্গ সফরের দিকে নজর রয়েছে সকলের। বুধবার উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক রয়েছে শুভেন্দুর। তার আগে শিলিগুড়িতে এক দলীয় কার্যালয়ে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে শুভেন্দু বলেন, “আমরা সংকল্পপত্রে যা যা বলেছি, সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করব। তার কিছু ফল আপনারা পেয়েছেন। আগামী জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে, আগামী তিন মাস, ছ’মাস, এক বছরের মধ্যে আমরা মানুষের কাছে দেওয়া কথা পূরণ করব।”
বিজেপি কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রীর জন্য কোনও পরামর্শ থাকলে আমাদের পার্টির কর্মীরা তা জেলা সভাপতিদের কাছে হোয়াট্সঅ্যাপে ফরওয়ার্ড করবেন। নীচে (মোবাইল) নম্বরটি লিখে দেবেন। তাঁরা (জেলা সভাপতিরা) আমাকে পাঠিয়ে দেবেন। আমি এটা চালু করে দিয়ে গেলাম।” মুখ্যমন্ত্রীর কথায়, তাঁর সরকারের আমলে কোনও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হবে না। রাজ্যে প্রকৃত অর্থেই সার্বিক পরিবর্তন আসবে বলে আশ্বস্ত করেন তিনি। শুভেন্দু বলেন, “আমরা চাই শুধু ঝান্ডা, দল, পথ, ব্যক্তির পরিবর্তন নয়। আমরা চাই ব্যবস্থার পরিবর্তন হোক। ইতিমধ্যে দু’সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থার পরিবর্তনে কাটমানি, সিন্ডিকেট-রাজ, মাফিয়াগিরি থাকবে না। এটাই হোক আমাদের আগামী দিনের স্বপ্ন।”
শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে বক্তৃতার সময়ে রাজ্যের পূর্বতন সরকারকেও নিশানা করেন শুভেন্দু। তৃণমূল আমলের পূর্বতন সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, “একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস করেছে বিগত দিনে। পাহাড়ে জনগোষ্ঠীকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে।” তবে বিজেপির নতুন সরকার সাধারণ জনতার প্রত্যাশা পূরণ করবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
