
চেন্নাই, ১৩ মে : তামিলনাড়ু বিধানসভায় ১৪৪ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠ ভোটে আস্থা ভোটে জয়ী হলো বিজয়ের টিভিকে সরকার। তামিলনাড়ু বিধানসভায় বুধবার আস্থাভোটের মুখোমুখি হয় বিজয়ের টিভিকে সরকার। বিধানসভায় এদিন কংগ্রেস, সিপিআই (এম) এবং ভিসিকে-র সদস্যরা তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকারকে সমর্থন জানিয়েছে। একইসঙ্গে আলোচনার সময় তাঁরা নিজেদের পরামর্শ ও দাবি-দাওয়াও তুলে ধরেছে।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগও (আইইউএমএল) টিভিকে সরকারকে সমর্থন জানিয়েছে। আম্মা মক্কাল মুনেত্র কাজাগাম থেকে বহিষ্কৃত বিধায়ক কামরাজ বিধানসভায় টিভিকে-কে সমর্থন জানিয়েছেন। সিপিআই বিধানসভায় টিভিকে সরকারকে সমর্থন জানিয়েছে। ভিসিকে-এর বিধায়ক ভানি আরাসু বলেন, "ভিসিকে-সহ ধর্মনিরপেক্ষ দলগুলো সরকারকে নিঃশর্ত সমর্থন জানিয়েছে এবং এই আস্থা প্রকাশ করেছে, সরকার পাঁচ বছরের মেয়াদ সফলভাবে সম্পন্ন করবে।" পরে ১৪৪ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠ ভোটে আস্থা ভোটে জয়ী হলো বিজয়ের টিভিকে সরকার।
টিভিকে সরকারের আস্থা ভোটের আগেই তামিলনাড়ু বিধানসভা থেকে ওয়াকআউট করেন ডিএমকে বিধায়করা। উদয়নিধি স্ট্যালিন বলেছেন, "আস্থা ভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের সব মানুষ কিন্তু টিভিকে-কে ভোট দেননি। মোট ৪.৯৩ কোটি ভোটের মধ্যে মাত্র ১.৭২ কোটি মানুষ টিভিকে-কে ভোট দিয়েছেন। বাকি ৬৫ শতাংশ মানুষ টিভিকে-এর বিপক্ষে ভোট দিয়েছেন। এমনকি যাঁরা টিভিকে -কে ভোট দিয়েছিলেন, তাঁরাও এখন বিষয়টি বুঝতে পারছেন। কেবল সেই দলই সরকার গঠন করতে পারে, যাদের ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।" বিধানসভায় এদিন এআইএডিএমকে বিধায়ক এডাপ্পাদি কে পালানিস্বামী বলেন, “আমরা টিভিকে সরকারের বিরুদ্ধে ভোট দেব।” তিনি আরও বলেন, “আমরা কোনও শত্রু দল নই; আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চাই।”
