kolkata

3 years ago

Dengue : ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য, হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দায়ের জনস্বার্থ মামলা

Dengue in West Bengal
Dengue in West Bengal

 

কলকাতা, ২৩ নভেম্বর  : নভেম্বরের শেষের দিকেও গোটা রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক রয়েছে। এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৫ জনেরও বেশি মানুষের। এই পরিস্থিতিতে সম্প্রতি ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। এবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ডেঙ্গি নিয়ে নজরদারি চালানোর জন্য একটি ‘মনিটরিং সেল’ গঠন করার পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় মেডিক্যাল কমিশন গঠনের আর্জি জানিয়েছেন মামলাকারী।

এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতার নামজাদা চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায়। তাঁর আইনজীবী শমীক বাগচী ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তার ভিত্তিতে মামলাটি গ্রহণ করে প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইনজীবী জানান, রাজ্যে ডেঙ্গির প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে। গত কয়েকদিনে সারা রাজ্য জুড়ে বেশ কয়েকজন মারাও গিয়েছেন ডেঙ্গিতে। গত ১৬ নভেম্বর মালদায় ১৩ বছরের এক কিশোর ডেঙ্গিতে মারা যায়। অথচ কলকাতা পুরসভা সহ অন্যান্য পুরসভা ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। রাজ্যের পঞ্চায়েতগুলিও ডেঙ্গি মোকাবিলায় ব্যার্থ। হাসপাতালগুলিতে প্লেটলেটের অভাব রয়েছে। তাই এ বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে। মেডিক্যাল কমিশন ও মনিটারিং সেল গঠনের পাশাপাশি মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানানো হয়েছে।

You might also like!