kolkata

3 years ago

Manik Bhatterjee : চার্জশিটে স্ত্রী-পুত্রের নাম দেখে কেঁদে ফেললেন মানিক

Manik Bhatterjee
Manik Bhatterjee

 

কলকাতা, ৭ ডিসেম্বর  : মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ইডি । বুধবার ইডি কর্তারা প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে চার্জশিট পেশ করেছে তাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ছাড়াও আরও পাঁচজনের নাম রয়েছে। এর মধ্যে মানিকের স্ত্রী-পুত্রেরও নাম রয়েছে। যা শুনে এজলাসে দাঁড়িয়েই হাউ হাউ করে কেঁদে ফেললেন নিয়োগ দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ মানিক ভট্টাচার্য৷

গ্রেফতারির পরে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন৷ দাবি করেছিলেন, তিনি নির্দোষ৷ মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগের কথা আগেই ইডির তরফে জানানো হয়েছিল। রাজ্যের কয়েকশ বিএড কলেজ থেকে মানিক-পুত্রই টাকা তুলতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাছাড়া মানিকের স্ত্রীও যে এই বিপুল আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত তাও বলা হয়েছিল ইডি-র তরফে। বারাসতের তাপস মণ্ডলকে জেরা করে ইডি জানতে পারে, একাধিক ছদ্ম কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন মানিকের স্ত্রী। সেইসব শেল কোম্পানির মাধ্যমেই নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা এদিক-ওদিক করা হতো। শুধু তাই নয়, মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে বলেও উঠে এসেছে ইডির তদন্তে।

এদিন সার্বিকভাবে সেসবই চার্জশিট আকারে জমা করেছে ইডি। তাতে তৃণমূলের বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের পাশাপাশি নাম রয়েছে তাঁর স্ত্রী ও ছেলেরও৷ যা শুনেই ভেঙে পড়েন তৃণমূলের পলাশীপাড়ার বিধায়ক। এজলাসে দাঁড়িয়েই হাউ হাউ করে কেঁদে ফেললেন নিয়োগ দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ মানিক ভট্টাচার্য৷ এজলাস থেকে বেরানোর সময় তাঁর কন্ঠে শোনা গেল কাতর আর্তি, ‘‘আমাকে মেরে ফেলো, কিন্তু আমার স্ত্রী আর ছেলেকে জড়িয়ো না।’’

ইডি সূত্রে খবর, ১৬০ পাতার চার্জশিটের সমর্থনে ট্রাঙ্কে প্রায় ছয় হাজার পাতার নথি রয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই চার্জশিটে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ছাড়াও আরও ৫ জনের নাম রয়েছে। এর মধ্যে মানিকের স্ত্রী, পুত্র, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ছাড়াও চার্জশিটে অভিযুক্তের তালিকায় রয়েছে ২টি সংস্থার নাম।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে কলেজের অনুমোদন পাইয়ে দেওয়া সংক্রান্ত বেশ কিছু তথ্যও আছে। মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিএড এবং ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে চার্জশিটে। কিছু দিন আগে মানিকের স্ত্রীর সঙ্গে এক মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ৩ কোটি টাকা পাওয়া গিয়েছিল।

প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর মানিককে গ্রেফতার করেছিল ইডি। গতকাল সেই গ্রেফতারির ৬০ দিন পূর্ণ হবে। আদালত ইডিকে বলেছিল, ৬০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হবে। তার আগে ৫৯তম দিনে চার্জশিট পেশ করেছে ইডি।

You might also like!