West Bengal

1 hour ago

Laxmir Bhandar Scam: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক

Lakshmir Bhandar Beneficiary Rakibul Arrested
Lakshmir Bhandar Beneficiary Rakibul Arrested

 

মুর্শিদাবাদ, ২৮ মে : রাজ্যের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ভুয়ো তথ্য দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রকিবুল শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি মহিলা উপভোক্তাদের জন্য চালু এই সরকারি প্রকল্পের টাকা নিয়মিতভাবে তুলছিলেন বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপরই প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়। তদন্তে নথিপত্র খতিয়ে দেখে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলতেই বহরমপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, কীভাবে সরকারি নথি ব্যবহার করে এই সুবিধা নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের দাবি, সরকারি প্রকল্পে নজরদারির অভাবেই এই ধরনের দুর্নীতি বাড়ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিয়মের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের কাউকেই ছাড়া হবে না।

You might also like!