
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আগেই ঘোষণা ছিল। সেই অনুযায়ী সোমবার সল্টলেকে বিজেপির দলীয় দফতরে ‘জনতার দরবার’ শুরু করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে দলীয় ঘোষণার পরপরই এই কর্মসূচি শুরু হয়। সেখানে ‘বন্ধ ঘরে’ সাধারণ মানুষ নিজেদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। এক ব্যক্তি জানান, তিনি অতীতে সিন্ডিকেট সংক্রান্ত সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। আর এক তরুণী বলেন, মুখ্যমন্ত্রীর কাছে সমস্যার কথা জানাতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন।
নবান্ন সূত্রে জানা গিয়েছিল, সপ্তাহে এক দিন বা দু’দিন দু’ঘণ্টা করে ‘জনতার দরবার’ করবেন শুভেন্দু। তবে কোথায়, কখন তা নিয়ে কিছু জানা যায়নি। সোমবার সকাল ৯টা নাগাদ আচমকাই বিজেপির তরফে ঘোষণা করা হয় যে, সল্টলেকে বিজেপির দফতরে সাধারণ মানুষের কথা শুনবেন শুভেন্দু। ঘোষণার ৪৫ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ভবনের দোতলায় সাংবাদিক সম্মেলন কক্ষে ‘দরবার’ করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী। ঘণ্টাখানেক চলে সেই কর্মসূচি। এর পরে কোথায়, কখন হবে সেই কর্মসূচি, সে বিষয়ে বিজেপি এখনও কিছু স্পষ্ট করেনি। কর্মসূচির স্থানও চূড়ান্ত হয়নি বলেই খবর।
‘জনতার দরবার’ থেকে বেরিয়ে এক তরুণী জানান, মুখ্যমন্ত্রী যে সময় দিয়ে তাঁদের কথাটা শুনেছেন, তাতেই তাঁরা স্বস্তি অনুভব করছেন। ওই তরুণী পেশায় নার্স। বিধাননগরের বাসিন্দা সুরেশ সাউ বলেন, ‘‘বাড়ি তৈরির জন্য স্থানীয় তৃণমূল নেতাদের থেকে বালি, সিমেন্ট কিনতে হত। সিন্ডিকেট রাজ চলত। সেটাই আমরা আজ মুখ্যমন্ত্রীকে জানালাম। তিনি বিধাননগরের থানার ডিসি-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।’’বিজেপির দফতরে ‘জনতার দরবার’ করার পরে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসেন শুভেন্দু। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেই ঘোষণাগুলির কথা তুলে ধরেন। মন্ত্রী জানান, রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিমিত্রা বলেন, “যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। শীঘ্রই পোর্টাল খোলা হবে।”
