
কলকাতা, ১১ ফেব্রুয়ারি : বিমান চলাচলের পরিকাঠামোগত ত্রুটির কারণে পিছিয়ে গেল কোচবিহার কলকাতা বিমান পরিষেবা শুরুর দিনক্ষণ। আগামী ১৫ ফেব্রুয়ারি কোচবিহার থেকে বিমান চলাচলের উদ্বোধন হওয়ার কথা ছিল। সেই দিন পিছিয়ে ২১ ফেব্রুয়ারি করা হয়েছে বলে বিমান সংস্থা সূত্রে খবর। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ৯ আসনের বিমান কোচবিহার-কলকাতার মধ্যে চলাচলের বিষয়টি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এই বিমানের ভাড়া ধার্য্য করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা। যা মধ্যবিত্তের নাগালের মধ্যে। নিশীথ বলেছিলেন, ‘মোদী সরকারের উড়ান স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা।’ কিন্তু সেখানে উদ্বোধনের আগেই ছন্দপতন দেখা গেল। পরিকাঠামোগত কিছু সমস্যা দেখা দিয়েছে কোচবিহার বিমানবন্দরে। তাই অবশেষে পিছিয়ে গেল উদ্বোধনের দিনক্ষণ। ফলে এখনই ফ্লাইং মুডে যেতে পারছে না এখান থেকে বিমান।
আহমেদাবাদের এই বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিমান চলাচল শুরুর জন্য উপযুক্ত পরিকাঠামো এখনও সম্পূর্ণ হয়নি। সেকারণের বিমান চলাচলের দিন পিছিয়ে দিতে হচ্ছে।
কোচবিহার বিমানবন্দরের অফিসার মনোজ সরকার বলেন, ‘পরিকাঠামোগত সমস্যা ছিল। তবে দ্রুত সেটা শেষ করে ২১ তারিখ ভাষা দিবসের দিন পরিষেবা চালু করা হবে।’ অন্যদিকে বিমান সংস্থার সিইও অরুণ কুমার সিং জানান, এই পরিষেবা চালুর ক্ষেত্রে রাজ্য সরকার সব সহযোগিতা করছে। নবান্নে গিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে কথাও বলেছেন।
জানা গিয়েছে, কলকাতা থেকে উড়ে এসে রোজ দুপুর ১২টা ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে পৌঁছবে বিমানটি। ফের যাত্রী তুলেই ১২টা ৩০ মিনিটে বিইমানটিউড়ে যাবে কোচবিহার থেকে। এই যাত্রাপথে বিমানটি বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে কলকাতা পৌঁছবে। মোট ৯ জন যাত্রী একসঙ্গে এই বিমানে সফর করতে পারবেন। প্রায় ২ ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছবে বিমান। ভূবনেশ্বর–জামশেদপুর থেকে কলকাতা হয়ে কোচবিহার যাবে এই বিমান।
