
জাকার্তা, ১০ জানুয়ারি : পরপর চারবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত ৩.১৭ মিনিট নাগাদ জোরালো কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ইএমএসসি আরও জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে ইন্দোনেশিয়ার তানিমবার এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ৩-৫ সেকেন্ড জোরালো কম্পন অনুভূত হয় প্রথম বার। তার আরও চার বার কম্পন হয়। এই সময় কম্পনের মাত্রা ছিল ৫.৫।
৩০টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, জোরালো ভূমিকম্পে ১৫টি বাড়ি, ২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন এক ব্যক্তি। তবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। শুধু ইন্দোনেশিয়া নয়, ডারউইন-সহ অস্ট্রেলিয়ার উত্তর ভাগেও এই কম্পন অনুভূত হয়েছে। সেখানে সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল। কিন্তু স্থানীয় সময় সকাল পৌনে ৬টা নাগাদ সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
