
প্যারিস : নেপালের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফ্রান্সে পৌঁছেছেন সিরিয়াল কিলার চার্লস শোভরাজ । তিনি শনিবার ফ্রান্সে পৌঁছেছেন। জানা গেছে, উত্তর আমেরিকার দুই পর্যটককে হত্যার দায়ে ২০০৩ সাল থেকে নেপালের কারাগারে ছিলেন এ কুখ্যাত খুনি। ৭০-এর দশকে এশিয়া জুড়ে ২০জন পর্যটক খুনের ঘটনায় সার্পেন্টের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। নেপালের আগে তিনি ভারতেও দীর্ঘদিন কারা ভোগ করেছেন। এমনকি কারারক্ষীকেও মাদকদ্রব্য সেবন করিয়ে সেখান থেকে একবার পালিয়েছিলেন ফরাসি এ খুনি।
সম্প্রতি কারাগারে ভাল আচরণ বিবেচনায় নিয়ে এ বয়স্ক খুনিকে মুক্তি দেয় নেপালের সর্বোচ্চ আদালত। শুক্রবার নেপাল থেকে সার্পেন্টকে ফ্রান্সের উদ্দেশ্যে পাঠান হয়।
এ খুনি বলেন, আমি বেশ ভাল অনুভব করছি। আমি অনেকের বিরুদ্ধেই মামলা করব। এরমধ্যে নেপাল সরকারও আছে। নিজেকে সিরিয়াল কিলার হিসেবে পরিচয় দিতেও রাজি নন তিনি। তবে তার বিরুদ্ধে ফ্রান্সে কোনও গ্রেফতারি পরোয়ানা নেই।
