Entertainment

3 years ago

Sumitra Sen : প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Sumitra Sen
Sumitra Sen

 

কলকাতা, ৩ জানুয়ারি : চলে গেলেন বর্ষীয়ান রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুমিত্র সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর প্রয়াণে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিগত কয়েকদিন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন সুমিত্রা সেন। ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সোমবার সকালে তাঁকে বাড়িতে নিয়ে আসে পরিবার। তেমনটাই জানিয়েছিলেন তাঁর দুই কন্যা ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেন। সোমবার শ্রাবণী সেন বলেন, “মায়ের অনেক বয়স হয়েছে। সুতরাং, বয়স একটা কারণ এই অসুস্থতার। মা ভাল নেই। মোটামুটি আছেন। চিকিৎসকদের পরামর্শেই মাকে আমরা বাড়িতে নিয়ে এসেছি।” মঙ্গলবার ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছিল, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন সুমিত্রাদেবী। ডিসেম্বর মাসে ঠান্ডা লাগে তাঁর। অসম্ভব সর্দি-কাশি হয়। ফুসফুসে ধরা পরে ব্রঙ্কোনিউমোনিয়া। এই অসুস্থতা শিল্পীর শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও প্রভাব ফেলে।

অনেক কম বয়সেই ''গীতবিতান''-এ গান শেখা শুরু সুমিত্রা সেনের । ''বৈতানিক''-এও সঙ্গীতের পাঠ নেন। তবে, প্রাথমিক পাঠ মায়ের কাছেই। পরবর্তীকালে শিক্ষাগুরু হিসেবে অনাদি দস্তিদার, প্রদ্যুত নারায়ণ, সুরেন চক্রবর্তী, শ্রীমতি রাধারানি, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের মতো সঙ্গীত ব্যক্তিত্বদের সংস্পর্শে আসেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন।

গত বছর ২১ শে ডিসেম্বর তাঁর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল শিল্পীর। সোমবার রাতেই বাড়ি নিয়ে আসা হয় শিল্পীকে। বাড়ি থেকেই শিল্পীর চিকিৎসা চলবে এমনটাই সিদ্ধান্ত হয় পরিবারের তরফে। কিন্তু, মঙ্গলবার ভোর চারটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এদিন সকালে মুখ্যমন্ত্রীর শোকবার্তা প্রকাশ করে। তাতে লেখা, “বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর।

রবীন্দ্রসঙ্গীতের অগ্রগণ্য শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব গায়কিতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। প্রশিক্ষক হিসাবে তিনি অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ''সঙ্গীত মহাসম্মান'' প্রদান করে।

সুমিত্রা সেনের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রাণী ও শ্রাবণী এবং সুমিত্রাদির পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”


You might also like!