
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রক্তবীজ' আসছে, যুদ্ধ বাঁধবে, বাংলাকে বাঁচাবে কে? শিবপ্রসাদ- নন্দিতার এমন প্রশ্নের হতবাক হয়েছেন নেটিজেনরা।
আসলে এবার পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবিতে দেখা যাবে মিমি এবং আবিরকে। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধছেন আবির ও মিমি। ছবির নাম ‘রক্তবীজ’। উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিতে মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ছাড়াও দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য এবং দেবাশিস মণ্ডলকে।
ছবির পোস্টারে দেখা গিয়েছে একটি জবা ফুলে আগুন জ্বলছে। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিটি যে মূলত থ্রিলার ঘরানার। তবে ছবির গল্প নিয়ে এখনই কোনও তথ্য ফাঁস করতে চাইছে না পরিচালক। এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, দোহার।
জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই শুরু হবে ‘রক্তবীজ’ ছবির শুটিং। মূলতঃ কলকাতা এবং বোলপুরেই ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে। চেনা ছকের বাইরে একেবারে অন্য ঘরানার এই ছবি দর্শকদের মন কতটা জয় করতে পারে সেটাই দেখার।
অন্যদিকে, উইন্ডোজ প্রোডাকশনের- এর ব্যানারে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে আবির-ঋতাভরীর 'ফাটাফাটি'। যা নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে যথেষ্ট কৌতুহল রয়েছে।
