
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বল্লভপুরের রুপকথার হাত ধরেই প্রচারের আলোয় আসেন, মঞ্চ মাতানো অভিনেতা সত্যম ভট্টাচার্য। এই ছবির পর আরও বিভিন্ন ছবিতে সই করেছেন তিনি। 'রক্তবীজ' ও 'ব্যোমকেশের' পর এবার সৌভিক কুণ্ডুর বুমেরাং ছবিতে ধরা দেবেন অভিনেতা। সিনেমা সিরিজের পাশাপাশি নাটকেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। তাঁর অভিনয়শৈলী দেখে দর্শকমহলের একাংশের মনে হয়েছিল তিনি বাণিজ্যিক ছবি করতে আসেননি। তবে ইনস্টাগ্রামে তাঁর ‘বুমেরাং’ চিত্রনাট্যর ছবি দেখে অনেকেই অবাক হয়েছেন। অন্য দিকে, সত্যম অবশ্য নিজেকে নানা ভাবে ভাঙতে চান।
অভিনেতার সংযোজন, “আমি শুধু ভাল অভিনয়ে বিশ্বাস করি। কখনও ছবি নিয়ে বাছবিচার নেই আমার। সৌভিকদা এই ছবিতে অনবদ্য চরিত্র লিখেছেন। মজার চরিত্র। আর তা ছাড়া আমার মনে হয়, কমেডি চরিত্রে অভিনয় করা বেশ কঠিন। বিশেষ কিছু প্রস্তুতি নিচ্ছি না। চিত্রনাট্যটা ভাল করে পড়ছি। চরিত্রের মধ্যে ঢোকার চেষ্টা করছি। আর কিছু দিনের মধ্যে আমি যে যে চরিত্রে অভিনয় করলাম সেটা ‘রক্তবীজ’ হোক কিংবা ‘ব্যোমকেশ’, প্রত্যেকটি চরিত্রই একটার থেকে অন্যটা আলাদা।”
এই ছবিতে দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিপরীতে দেখা যাবে সত্যমকে। এ ছাড়াও রাহুল মুখোপাধ্যায়ের নতুন সিরিজ়ে দেখা যাবে তাঁকে। তার পরে তমাল দাশগুপ্তর পরিচালনায় ‘দয়াময়ীর কথা’ নামক একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ‘বুমেরাং’ ছবির শুটিং। সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের পর দেবচন্দ্রিমার সঙ্গে সত্যমের জুটি দর্শকের কতটা ভালবাসা পায় সেটাই দেখার।
